ইন্দোনেশিয়ায় একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) ভোরে দেশটির একটি মহাসড়কে বাসটি উল্টে গেলে এই প্রাণহানির ঘটনা ঘটে।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, বাসটি রাজধানী জাকার্তা থেকে ইয়োগ্যাকার্তার দিকে যাচ্ছিল। পথে একটি হাইওয়ে ইন্টারচেঞ্জের মোড়ে পৌঁছালে অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারান। এতে সড়কের অবকাঠামোর সঙ্গে সংঘর্ষের পর বাসটি উল্টে যায়।
ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান বুদিওনো এক বিবৃতিতে জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে ৩৪ জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে ১৫ জনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।
আহতদের মধ্যে কয়েকজনকে চিকিৎসার জন্য সেমারাং শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকারী সংস্থার প্রকাশিত ভিডিওতে দুর্ঘটনাস্থল থেকে মরদেহ সরিয়ে নিতে উদ্ধারকর্মীদের তৎপরতা দেখা যায়।
উল্লেখ্য, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় প্রায়ই মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্টদের মতে, পুরনো যানবাহনের দুর্বল রক্ষণাবেক্ষণ, অতিরিক্ত গতি এবং সড়ক আইন না মানাই এসব দুর্ঘটনার প্রধান কারণ।
