Home আন্তর্জাতিকইউক্রেনের নতুন চিফ অব স্টাফ হলেন কিরিলো বুদানভ

ইউক্রেনের নতুন চিফ অব স্টাফ হলেন কিরিলো বুদানভ

by Akash
০ comments

ইউক্রেনের নতুন চিফ অব স্টাফ হিসেবে কিরিলো বুদানভের নাম ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার (২ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এ ঘোষণা দেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২০ দফার শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার মধ্যেই নতুন চিফ অব স্টাফের নাম জানালেন জেলেনস্কি। বুদানভ এত দিন সামরিক গোয়েন্দা বাহিনীর (জিইউআর) প্রধানের দায়িত্ব পালন করছিলেন।

এক্সে দেওয়া পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট লেখেন, ‘আমি কিরিলো বুদানভের সঙ্গে বৈঠক করেছি এবং তাকে ইউক্রেনের প্রেসিডেন্টের দপ্তরের প্রধানের দায়িত্বের প্রস্তাব দিয়েছি।’

জেলেনস্কি লেখেন, ‘নিরাপত্তার বিষয়বলি এবং প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর উন্নয়নে এখন ইউক্রেনকে সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবে। সেই সঙ্গে কূটনৈতিক আলোচনার পথও এগিয়ে নিতে হবে। রাষ্ট্রের এসব দায়িত্ব বাস্তবায়নে কাজ করবে প্রেসিডেন্টের দপ্তর।’

নতুন চিফ অব স্টাফের বিষয়ে তিনি আরও লেখেন, ‘এসব ক্ষেত্রে কিরিলো বুদানভের বিশেষ অভিজ্ঞতা রয়েছে। রাষ্ট্রের এসব বিষয়ে লক্ষ্য অর্জনে তার সক্ষমতা আছে।’

রাশিয়ার সঙ্গে প্রায় চার বছর ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধের এক গুরুত্বপূর্ণ মোড়ে এসে নতুন চিফ অব স্টাফ হিসেবে গোয়েন্দাপ্রধান বুদানভকে বেছে নেওয়ার কথা জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট। গত বুধবার জেলেনস্কি জানান, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধ বন্ধের জন্য যে চুক্তি হচ্ছে, সেটির ‘৯০ শতাংশ’ক্ষেত্রে একমত হওয়া গেছে।

এর আগে ২০২০ সালের আগস্টে কিরিলো বুদানভকে ইউক্রেনের জিইউআরের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছিলেন জেলেনস্কি। তখন থেকেই তিনি এ পদে আছেন।এরপর ইউক্রেন ২০২২ সালে রাশিয়ার সঙ্গে সর্বাত্মক যুদ্ধে জড়ায়, যা এখনো চলছে। এ যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে একের পর এক ‘দুঃসাহসী অভিযানের’ কৃতিত্ব ৩৯ বছর বয়সী কিরিলো বুদানভের ঝুলিতে গেছে।

চিফ অব স্টাফ হিসেবে নিয়োগের প্রতিক্রিয়ায় কিরিলো বুদানভ জানান, তিনি ‘ইউক্রেনের সেবায়’ তার কাজ চালিয়ে যাবেন। এক টেলিগ্রাম বার্তায় তিনি বলেন, ‘ইউক্রেনের জন্য এই ঐতিহাসিক সময়ে কৌশলগত নিরাপত্তার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যুতে মনোযোগ দেওয়া আমার জন্য যেমন গৌরবের, তেমনি দায়িত্বের বিষয়।’

ইতোমধ্যেই বুদানভকে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন জেলেনস্কির উপদেষ্টা দিমিত্রো লিতভিন।

এর আগে গত নভেম্বরে জেলেনস্কি তার প্রভাবশালী চিফ অব স্টাফ ও শীর্ষ মধ্যস্থতাকারী আন্দ্রি ইয়ারমাককে বরখাস্ত করেন। ব্যাপক দুর্নীতির অভিযোগে তদন্তের অংশ হিসেবে গোয়েন্দারা তৎকালীন চিফ অব স্টাফের বাড়িতে অভিযান চালানোর পর এ পদক্ষেপ নেওয়া হয়। মাসখানেকের বেশি সময় এ পদ ফাঁকা ছিল।

You may also like

Leave a Comment