Home সারাদেশআরও পেছাল খালেদা জিয়ার লন্ডনযাত্রা

আরও পেছাল খালেদা জিয়ার লন্ডনযাত্রা

by The Desh Bangla
০ comments

উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার সময়সূচি আবারও পেছানো হয়েছে। এয়ার অ্যাম্বুলেন্স আসতে দেরি হওয়া এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল না থাকায় ইতোমধ্যে তৃতীয়বারের মতো পিছিয়ে গেল এই যাত্রা।

খালেদা জিয়ার একান্ত সচিব এবি এম আব্দুস সাত্তার জানান, লন্ডন যাওয়ার তারিখ আপাতত স্থির নয়। তিনি বলেন, “ম্যাডামের লন্ডন যাত্রা পিছিয়েছে। এয়ার অ্যাম্বুলেন্স আসার পর যে কোনো দিনই উনাকে নেওয়া হবে।”

বিএনপির চিকিৎসক দলের একজন সদস্য জানান, গত কয়েক দিন ধরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা একই রকম রয়েছে। ফ্লাই করার মতো উপযুক্ত অবস্থায় আছেন কিনা, তা বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে হচ্ছে।

বিএনপির একটি সূত্র জানায়, কাতারের ব্যবস্থাপনায় যেই নতুন এয়ার অ্যাম্বুলেন্সটি আনার কথা ছিল, তা ৬ ডিসেম্বরের পরিবর্তে নতুন সময়সূচি অনুযায়ী ৯ ডিসেম্বর ঢাকায় পৌঁছানোর কথা। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ১০ ডিসেম্বর খালেদা জিয়াকে লন্ডনের উদ্দেশে নিয়ে যাওয়ার প্রস্তুতি রাখা হয়েছে।

এর আগে গত শুক্রবার সকালে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন নেওয়ার কথা ছিল খালেদা জিয়াকে। তবে কারিগরি ত্রুটির কারণে শেষ মুহূর্তে যাত্রা স্থগিত হয়। পরে জানানো হয়, সবকিছু ঠিক থাকলে বিমানটি শনিবার ঢাকায় পৌঁছাতে পারে এবং রবিবার শরীর সাপোর্ট করলে উনি লন্ডন যেতে পারেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিমান ছেড়ে যাওয়ার বিষয়টি পুরোপুরি নির্ভর করছে খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর।

গত ২৩ নভেম্বর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই খালেদা জিয়া ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। ২৭ নভেম্বর তার অবস্থা সংকটাপন্ন হলে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নেওয়া হয়। এরপর স্থানীয় চিকিৎসক টিমের পাশাপাশি যুক্ত হন আন্তর্জাতিক চিকিৎসকরাও।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, কিডনি, চোখের সমস্যা, ডায়াবেটিস এবং আর্থ্রাইটিসসহ নানা জটিলতায় ভুগছেন।

You may also like

Leave a Comment