উত্তরা পশ্চিম থানায় দায়ের করা একটি মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। জানা গেছে, সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে তাকে আদালতে হাজির করা হবে।
এর আগে রোববার (১৪ ডিসেম্বর) রাতে জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে তাকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। সে সময় ডিবির পক্ষ থেকে জানানো হয়েছিল, আনিস আলমগীরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে এবং জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন টেলিভিশন টকশোতে দেওয়া বক্তব্যের কারণে আলোচনায় ছিলেন জ্যেষ্ঠ এই সাংবাদিক। তিনি দৈনিক আজকের কাগজসহ একাধিক গণমাধ্যমে দীর্ঘদিন কাজ করেছেন।
সূত্র জানায়, ধানমন্ডি ২ নম্বরে অবস্থিত একটি জিম থেকে বের হওয়ার পর রোববার (১৩ নভেম্বর) রাতে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। এ বিষয়ে জিমের ম্যানেজার আরেফিন সংবাদমাধ্যমকে বলেন, ওইদিন সন্ধ্যায় আনিস আলমগীর জিমে এসে ব্যায়াম করেন এবং রাত আনুমানিক ৮টার দিকে বেরিয়ে যান। জিম প্রাঙ্গণে তিনি পুলিশের কোনো উপস্থিতি লক্ষ্য করেননি।
