নবাগত অভিনেত্রী মৌ খান অভিনীত প্রতীক্ষিত সিনেমা ‘বান্ধব’ অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। আগামী শুক্রবার, ৩ অক্টোবর, দুর্গাপূজা উপলক্ষে সিনেমাটি মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন এর প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম কথাচিত্রের কর্ণধার অনুপ বড়ুয়া। এর আগে একাধিকবার মুক্তির তারিখ চূড়ান্ত হলেও বিভিন্ন কারণে তা পেছানো হয়েছিল।
প্রযোজক অনুপ বড়ুয়া বলেন, “সিনেমা মুক্তির উপযুক্ত সময় এসেছে। তাছাড়া এখন আমাদের ভালো সিনেমার সংকট চলছে, তাই আর আটকে রাখতে চাই না।”
সিনেমাটি নিয়ে আশাবাদী মৌ খান বলেন, “এই সিনেমায় নিজেকে নতুন করে আবিষ্কার করেছি। এই প্রথম নিজেকে নায়িকা না ভেবে একজন অভিনেত্রী হিসেবে কাজ করেছি। এটি আমার জন্য একটি চ্যালেঞ্জিং জার্নি ছিল।”
সুজন বড়ুয়া পরিচালিত ‘বান্ধব’ সিনেমাটির গল্প একটি জন্ম-পরিচয়হীন শিশুকে ঘিরে, যাকে ময়লার ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া যায়। সিনেমায় মৌ খান ছাড়াও গাজী রাকায়েত, জয় রাজ, সুমিত সেনগুপ্ত ও হাবিব খান অভিনয় করেছেন। সিনেমাটিতে পাঁচটি গান রয়েছে, যার চারটি লিখেছেন সুদীপ কুমার দ্বীপ এবং একটি মুনশী ওয়াদুদ। গানগুলোর সুর করেছেন শেখ সাদী খান ও এম এ রহমান।
